ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় পুলিশের চার অভিযান: ভারতীয় পণ্য, মদ ও ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, মদ ও গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এসব অভিযানে চোরাচালান ও মাদকসংক্রান্ত ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ১০০ বোতল ভারতীয় তৈরি অলিভ অয়েল, ৭০ প্যাকেট বাজি, ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং, ৬০০টি ভারতীয় ওডোমস ক্রিম, চার বোতল ভারতীয় তৈরি হুইস্কি এবং ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর মোড়ে একটি বাড়ির ফটকের সামনে অভিযান চালিয়ে ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং ও ৬০০টি ওডোমস ক্রিম উদ্ধার করা হয়। এ সময় ময়মনসিংহের গৌরীপুর থানার সিদলা এলাকার আল আমিনের ছেলে আলম মিয়া (১৯) গ্রেপ্তার হন।

বিকেল ৩টা ৫০ মিনিটে শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় দেউষ থেকে টানাব্রিজগামী সড়কের একটি সেতুসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে চার বোতল ভারতীয় তৈরি হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকার হরিদাস চন্দ্র নমঃর ছেলে অজিত চন্দ্র নমঃ (২৯) গ্রেপ্তার হন।

এ ছাড়া বিকেল ৫টা ৩৫ মিনিটে শশীদল রেলস্টেশনসংলগ্ন তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় তৈরি অলিভ অয়েল ও ৭০ প্যাকেট বাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি পুলিশ।

অন্যদিকে, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার সোনা মিয়ার ছেলে টিটু (৩৬) গ্রেপ্তার হন।

পুলিশের পৃথক চারটি অভিযানে এসব ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।