ব্রাহ্মণপাড়ায় সিএনজির ইঞ্জিনের পাশে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কারবারি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর বাজার থেকে কালিকাপুর বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবীদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধলাহাঁস এলাকার জামিল হোসেন (৪২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার বাবুল মিয়া (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে চেকপোস্ট স্থাপন করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। পরে অটোরিকশার ইঞ্জিনের পাশের গোপন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান।

সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনের পাশে গোপন স্থানে গাঁজা লুকিয়ে পরিবহনের এ কৌশল স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।