ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, পুত্রবধূ আটক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে শাশুড়িকে মারধর করে অচেতন করে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ। আহত শাশুড়িকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বারবাড়িতে এ ঘটনা ঘটে।
আটক পুত্রবধূর নাম লিমা আক্তার (২১)। তিনি ওই গ্রামের আবু ইউসুফ ভূট্টোর স্ত্রী। ভুক্তভোগী শাশুড়ির নাম আরজিনা বেগম (৬২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে আরজিনা বেগমের সঙ্গে তাঁর পুত্রবধূ লিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিমা তাঁর শাশুড়িকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে আরজিনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত কেউ ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত লিমা আক্তারকে আটক করে। একই সঙ্গে অচেতন অবস্থায় আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শাশুড়িকে মারধরের ভিডিওটি দেখার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত পুত্রবধূকে আটক করতে সক্ষম হয়। আহত শাশুড়িকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
