নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) তার বিয়ের দিন ধার্য ছিল বলে জানা গেছে।
গ্রেপ্তার সাদিকুল ইসলাম শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার বাবা জামপুর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচএম জসীমউদ্দীনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে শুভর গতিরোধ করে তল্লাশি চালালে তার কাছ থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শুভর বাবা নজরুল ইসলামের দাবি, গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে ছেলের কয়েকজন বন্ধু আনন্দ-ফুর্তির জন্য তাকে বিদেশি মদ আনতে বলেছিলেন। বন্ধুদের কথায় এক বোতল মদ নিয়ে আসার পথে পুলিশ তাকে আটক করে। এ মদের বিষয়ে পরিবারের কেউ অবগত ছিলেন না। তার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। কে অপরাধী, তা নির্ধারণে তার রাজনৈতিক পরিচয় কিংবা বিয়ের বিষয়টি বিবেচনার সুযোগ নেই। আইন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবে। বিদেশি মদসহ গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
