পুলিশের কাছ থেকে আ’লীগ নেতা ও ইউপি সদস্যকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার এড়াতে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তিনি সম্পৃক্ত। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল রামচরণ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় একদল দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ঘিরে ধরে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

ঘটনার বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তাঁর স্বজনেরা পুলিশকে ঘিরে ধরেন। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। তাঁকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।