সাজেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি, আটকা ৩ হাজার পর্যটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাজেকে বেড়াতে আসা অন্তত তিন হাজার পর্যটক আটকা পড়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ডাক দেয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন।
সূত্র জানায়, সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সড়কের ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারী ও সশস্ত্র সন্ত্রাসীরা বাধা দিলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবরোধ ও গোলাগুলির কারণে সাজেকে বেড়াতে আসা অন্তত তিন হাজার পর্যটক আবারও আটকা পড়েছেন। এতে পর্যটকদের নিরাপদে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
