জাতীয়

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ;স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না।

বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় বসেছিল দেশের সম্পদ লুটপাট করতে। দলটির এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের একজন প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।

বিগত শাসনামলে নিজ নির্বাচনী এলাকায় সংঘটিত বিভিন্ন অন্যায়-অপরাধের কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তোফায়েল আহমেদ। তিনি পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে তিনি অভিযোগ করেন।

স্পিকার আরও বলেন, ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি এবং ঢাকায় একাধিক বাড়ি করেছিলেন। তবে ৫ আগস্টের পর এসব সম্পদ রেখে তিনি সপরিবারে পালিয়ে যান।

নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে। এ ছাড়া এলাকার মানুষের বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি পার্ক নির্মাণ করা হবে। একই সঙ্গে সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার তজুমদ্দিন উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।