অপরাধ তালাশ

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি,গুলি করে হত্যা ঢালীকে: বাঁচাতে পারেনি পুলিশ

খুলনার রূপসা উপজেলায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ১৫ দিনের মাথায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর মাত্র ৫০ দিন আগে দুর্বৃত্তদের হাতে কুপিয়ে ও গলা কেটে খুন হন তার ছেলে জয় ঢালী (২৫)।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে স্থানীয় লোকজনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন আক্তার ঢালী। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে বেঞ্চের পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ছেলে হত্যার ওই মামলায় আসামিদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে গত ২১ সেপ্টেম্বর রূপসা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন আক্তার ঢালী। পুলিশ দুই দিন পর, ২৩ সেপ্টেম্বর জিডিটি নথিভুক্ত করে। রূপসা থানার জিডি নম্বর ১৪১২।

জিডিতে আক্তার ঢালী উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে সেনেরবাজার এলাকায় মামলার আসামি মুনজিল শেখ, মুরাদ শেখ, মাসুদ মোল্যা ও রোপা মোল্যা তাকে ডেকে নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়, ওই আসামিরাই তার ছেলে জয় ঢালীকে দুর্জনীমহলের শহীদের মোড়ে কুপিয়ে হত্যা করেছিলেন। মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিনে এলাকায় এসে মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করছেন এবং জানমালের ক্ষতি করার হুমকি দিচ্ছেন। এ কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন আক্তার ঢালী।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তার ঢালী হত্যার বিষয়ে ওসি আনোয়ার জাহিদ বলেন, “দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নিহত হয়েছেন। কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।