Spread the love

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ দেশের সকল ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বসুন্ধরা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি মাওলানা জাকারিয়া খানের সভাপতিত্বে এবং মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন শ্রমিক নেতা মো. সোলাইমান পাটোয়ারী, বারেশ্বর জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন, রাজাপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রউফ এবং পূর্ব জগতপুর আবির মাহমুদ জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক সোহেল।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তারা আট দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে বহাল রাখা, উপ-ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে অপসারণ, ব্যাংকের চেয়ারম্যান ড. খুরশীদ আলমের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হস্তক্ষেপ বন্ধ করা।

এছাড়া বক্তারা এস আলমকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার কার্যকর করা এবং ইসলামী ব্যাংকসহ দেশের সকল ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দ্রুত ফেরত আনার দাবি জানান।

মানববন্ধন শেষে আয়োজকরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়