Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৩ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।

জানা গেছে, মাদক সেবনের অপরাধে আটক চার যুবককে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন— ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের সুলতান আহমেদের ছেলে মো. বাছিরকে ৫ দিনের কারাদণ্ড, একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. রানাকে ৫ দিনের কারাদণ্ড, মাধবপুর গ্রামের মৃত মাফু মিয়ার ছেলে মো. আশাদুল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড এবং ব্রাহ্মণপাড়ার তাজুল ইসলামের ছেলে জুয়েলকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।এ অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক সেবনের অপরাধে হাতেনাতে আটক হওয়ার পর তাদের সাজা প্রদান করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের বুধবারই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।