Spread the love

কুমিল্লার লালমাইয়ে যুক্তিখোলা ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এনায়েত উল্যাহ (৪৫) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার (১০ মে) দুপুর ১২টার দিকে যুক্তিখোলা বাজারের মসজিদ মার্কেটের নিচতলায় অবস্থিত এনায়েত টেলিকমে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এনায়েত উল্যাহ পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নশরতপুর গ্রামের নাবু মিয়ার ছেলে।

স্থানীয় ব্যবসায়ী, আন্দোলনকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিকাশ ও মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী এনায়েত উল্যাহ দুপুরে মাদরাসার ওই ছাত্রীকে দোকানে ডেকে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে রেখে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে বাজার কমিটির কয়েকজন নেতার সহায়তায় অভিযুক্তকে তার বাবা বাড়িতে নিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে যুক্তিখোলা ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে অভিযুক্তের দোকান ঘেরাও করে। একপর্যায়ে তারা কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে বিকেল ৪টার দিকে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

তিনি অভিযুক্তকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় চান এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পর বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়।
যুক্তিখোলা ফাজিল মাদরাসার ছাত্র সংসদের ভিপি নাইমুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার খবর পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিচারের দাবিতে সড়ক অবরোধ করি। পুলিশের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়