Spread the love

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী জিল্লু (২৯) নামে এক বিএসসি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে।

রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে বোন ও দুলাভাইকে বনপাড়া থেকে আনতে প্রাইভেটকারযোগে বাড়ি থেকে রওনা দেন জিল্লু। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সজোরে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) তার বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। যে ঘরে গায়ে হলুদের আনন্দ আয়োজন হওয়ার কথা ছিল, সেই ঘরেই নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *