কুমিল্লার বিভিন্ন অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় নগরীর কান্দিরপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার অধিকাংশ রেলক্রসিং অরক্ষিত অবস্থায় থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এসব দুর্ঘটনা রোধে দ্রুত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি।
জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—প্রতিটি অরক্ষিত রেলক্রসিংয়ে দক্ষ গেটম্যান নিয়োগ, আধুনিক গেটবার ও সিগন্যাল বাতির স্থাপন, অবৈধ রেলক্রসিং বন্ধ বা সংস্কার, রেললাইন সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদ এবং জনসচেতনতা বৃদ্ধি।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “অধিকাংশ রেলক্রসিং অরক্ষিত থাকায় জনজীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়া দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।”
স্মারকলিপিতে গত ২১ মার্চ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনাটি উল্লেখ করা হয়। এতে গেটম্যানের অবহেলা ও নিরাপত্তাহীনতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়।
এ সময় মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
