কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩)-র রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি বাসার ২/এ নম্বর ফ্ল্যাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বুধবার (৬ মে) সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে কুমিল্লার মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে পারিবারিকভাবে ফারিহার বিয়ে হয়। বিয়ের পর হৃদয় স্কলারশিপ নিয়ে চীন গেলেও ব্যর্থ হয়ে দেশে ফিরে আসেন। এরপর থেকে বেকারত্ব ও সংসার চালানো নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। গত সোমবার ফারিহা বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় আসেন। এর একদিন পরই তার মৃত্যুর খবর পাওয়া যায়।
নিহতের বাবা মো. হানিফ মিয়া অভিযোগ করেন, তার মেয়েকে দীর্ঘদিন ধরে মারধর ও নির্যাতন করা হচ্ছিল। তিনি বলেন, “আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।” এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
এদিকে সিসিএন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের বলেন, “ফারিহা আমাদের মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।”
পুলিশ জানায়, খবর পেয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।
