Spread the love

কুমিল্লার চান্দিনা উপজেলায় গভীর রাতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার (২ মে) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে।নিহত ছমিরন বেগম (৬৫) ওই গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী।

নিহতের ছেলে কৃষক বশির উদ্দিন জানান, গত সোমবার ক্যান্টনমেন্ট বাজার থেকে চারজন দিনমজুরকে ধান কাটার কাজে নিয়োগ দেন তিনি। ঘটনার আগের দিন বিকেলে এক শ্রমিক তার মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। পরে বাকি শ্রমিকরা মোবাইল উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে সেদিন রাতেই তাদের বাড়িতে অবস্থান করে।

তিনি অভিযোগ করেন, গভীর রাতে একই ঘরে থাকা তার মা ছমিরন বেগমের হাত বেঁধে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘরে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা, নাক, কান ও গলায় থাকা স্বর্ণালঙ্কার এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে পালিয়ে যায় অভিযুক্তরা।

রোববার সকালে মাকে ডাকতে গিয়ে তার নিথর দেহ দেখতে পান তিনি। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি ও হত্যাকাণ্ড হিসেবে মনে করছেন।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মরদেহ থানায় নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়