Spread the love

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের মর্যাদা বৃদ্ধির মাধ্যমেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।

শনিবার (২ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি শুধু কৃষকের সন্তানই নই, নিজেও একজন কৃষক।” তিনি উল্লেখ করেন, একসময় মানুষ নিজেদের কৃষকের পরিচয় দিতে সংকোচ বোধ করলেও বর্তমানে সেই ধারা বদলে গেছে। এখন মানুষ গর্বের সঙ্গে নিজেকে কৃষকের সন্তান হিসেবে পরিচয় দিচ্ছে, যা দেশের অগ্রগতিরই প্রতিফলন।

কৃষকদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড নিয়ে নানা সমালোচনা থাকলেও এর বাস্তব প্রয়োজনীয়তা রয়েছে। অনেক সময় কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। কৃষক কার্ড চালুর মাধ্যমে কোন এলাকায় কোন পণ্যের চাহিদা কত, তা নির্ধারণ করে পরিকল্পিত উৎপাদন সম্ভব হবে। এতে চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য তৈরি হবে এবং কৃষকরা ক্ষতির মুখে পড়বেন না।

বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে ইয়াছিন বলেন, “যে যুক্তি দিয়ে কথা বলতে পারে, সে-ই প্রকৃত অর্থে বিতর্ক করতে পারে।” বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে যুক্তি, প্রজ্ঞা ও কৌশলের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শক্তির লড়াইয়ের পরিবর্তে জ্ঞান ও যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দায়িত্ব আমাদেরই।

অনুষ্ঠানে ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার এবং কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ অন্যান্যরা।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়