কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। সেই গাছ কাটতে গিয়ে করাতের আঘাতে মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) সকাল ৯টার দিকে বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের পশ্চিম জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া একই এলাকার আবদুস ছামাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসেন নিয়মবহির্ভূতভাবে টেন্ডার ছাড়াই স্থানীয় কনু মিয়ার কাছে একটি কৃষ্ণচূড়া গাছ বিক্রি করেন। পরে কনু মিয়া চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে জসিম, সুমন ও মোস্তাক মিয়াকে গাছ কাটার কাজে নিয়োজিত করেন।
ঘটনার সময় মোস্তাক মিয়া গাছে উঠে ইলেকট্রিক করাত দিয়ে ডাল কাটছিলেন। নিচে থাকা অন্য দুই শ্রমিক দড়ি ধরে সহযোগিতা করছিলেন। একপর্যায়ে করাত নিয়ন্ত্রণ হারিয়ে তার গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ডা. জাহিদ হাসান জানান,করাতের আঘাতে তার গলার বেশিরভাগ অংশ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই প্রধান শিক্ষক নিজ ক্ষমতায় গাছটি বিক্রি করেছেন, যা নিয়মবহির্ভূত।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার জানান, ঘটনার খবর পেয়ে সহকারী শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং টেন্ডারবিহীন গাছ বিক্রির বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।
