Spread the love

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লা জেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও বৃষ্টির কারণে জেলার ১ হাজার ৭৩৩ হেক্টর জমির পাকা ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ৫৫০ হেক্টর ভুট্টা, ২৩৫ হেক্টর আউশ ধানের বীজতলা এবং ৩৬৪ হেক্টর গ্রীষ্মকালীন সবজি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১৭টি উপজেলায় কমবেশি ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে লাকসাম, দাউদকান্দি, নাঙ্গলকোট, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সঠিক চিত্র নিরূপণে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

অন্যদিকে, ঝড়ের প্রভাবে জেলার বিদ্যুৎ ব্যবস্থায়ও মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ১৭টি উপজেলায় ৩৫টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে এবং ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এছাড়া প্রায় ৫৫০টি মিটার সংযোগ নষ্ট হয়েছে।

এতে অন্তত ২৭ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝড়ো বাতাসে অসংখ্য গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে জেলার বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে বাসিন্দাদের।

বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন ব্যবহারেও বিঘ্ন ঘটছে এবং রেফ্রিজারেটরে সংরক্ষিত খাদ্যদ্রব্য নষ্ট হয়ে পড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়