Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামসুল আলম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম ওই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর উত্তর পাড়া (চকবস্তা) গ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে নামেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা প্রভাষক মো. দুলাল হোসেন জানান, শামসুল আলম প্রায় ২৬-২৭ বছর ধরে আনন্দপুর গ্রামে বসবাস করছিলেন এবং সেখানে স্থায়ীভাবে বাড়িঘর নির্মাণ করেছিলেন।

মঙ্গলবার বিকেলে আনন্দপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. লিটন রেজা বলেন, শামসুল আলম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি চরম বিপদের মুখে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী ফাতেমা আক্তার, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হবে। 

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।