টানা মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভারী বর্ষণে শহরের অধিকাংশ সড়ক ও অলিগলিতে হাঁটু সমান পানি জমে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, পানির মধ্যে এক হাতে কাপড় আঁকড়ে অন্য হাতে শিশু কোলে নিয়ে চলছেন এক মা। কোথাও ইঞ্জিন বিকল হয়ে পড়া গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন চালক, আবার কোথাও উঁচু স্থানে দাঁড়িয়ে যাত্রীরা অপেক্ষা করছেন যানবাহনের আশায়। যানবাহন না পেয়ে এক বাবা নবজাতক শিশুকে কোলে নিয়ে ময়লা ড্রেনের পানি ঠেলে হাঁটছেন, তার পেছনে সিজারিয়ান অপারেশন করা মা কষ্টে পথ পাড়ি দিচ্ছেন। ভেজা পোশাকে বাসায় ফিরতে দেখা গেছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের।
জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুমিল্লা মহিলা কলেজ সড়ক, সদর হাসপাতাল সড়ক, কান্দিরপাড় থেকে টমচম ব্রিজ, আদালত এলাকা, সিটি কর্পোরেশন থেকে কুমিল্লা কারাগার সড়ক এবং কান্দিরপাড় থেকে রানীর বাজার পর্যন্ত বিভিন্ন সড়ক। এছাড়া নগরীর বেশিরভাগ অলিগলিতেও একই চিত্র দেখা যায়।
পানির কারণে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অটোরিকশা ও সিএনজিসহ বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে, ফলে চালক ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। অনেক ক্ষেত্রে চালকদের নিজস্ব গাড়ি ঠেলে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। অন্যদিকে, যানবাহনের অভাবে যাত্রীদের বাধ্য হয়ে হাঁটতে হয়েছে পানির মধ্য দিয়ে।
এ অবস্থায় নগরবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
