Spread the love

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গোপনে আয়োজিত এক শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা শপথ পাঠ করে আওয়ামী লীগ ও যুবলীগের আদর্শে মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয়দের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্জন নদীর তীরে গোপনে এ আয়োজন করা হয়। ঘটনার তিনদিন পর সোমবার (২৬ এপ্রিল) বিকেলে ভিডিওটি ফেসবুকে প্রকাশিত হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমলনগর উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, “ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বিষয়টি এখন আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে।”

তবে এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়