যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।
ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “বন্দুকধারীকে আটক করা হয়েছে।”
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম কোল টোমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।
ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশপ্রধান জেফরি ক্যারল বলেন, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীদের ধারণা, হামলাকারী হোটেলেই অবস্থান করছিলেন, ফলে তিনি সহজেই ঘটনাস্থলে প্রবেশ করতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলেও তিনি গুলিবিদ্ধ হননি।
প্রাথমিকভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আরও অভিযোগ যোগ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
মার্কিন কর্মকর্তা পিরো জানিয়েছেন, আগামী সোমবার তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে।
পুলিশের ধারণা, হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
ঘটনার সময় ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ট্রাম্প জানান, তিনি ও তার প্রশাসনের সদস্যরা সবাই নিরাপদ আছেন।
