ইসরায়েলি হামলার তিনদিন পর ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলি রেজা তাংসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান।
সোমবার (৩০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাংসিরি মৃত্যুবরণ করেন।
এর আগে গত ২৬ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন, দেশটির সেনাবাহিনীর একটি ‘নির্ভুল ও প্রাণঘাতী’ অভিযানে আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলি রেজা তাংসিরি এবং তার সঙ্গে থাকা কয়েকজন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
তবে সে সময় ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। তিনদিন পর আনুষ্ঠানিকভাবে তাংসিরির মৃত্যুর বিষয়টি স্বীকার করল আইআরজিসি।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
