Spread the love

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কথিত মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ক্যাম্পাসজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযুক্ত নেতা মুবাশ্বির আমিন অবশ্য ছবিটিকে ‘অভিনয়’ বলে দাবি করেছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা মেহেদী হাসান হাফিজ তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, ইবি শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের মুখে সিগারেট সদৃশ একটি বস্তু, হাতে লাইটার ও একটি কাগজ রয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে এটিকে ইয়াবা সেবনের দৃশ্য বলে অভিযোগ করেন।

ছবিটি শেয়ার করে মেহেদী হাসান হাফিজ একটি স্ট্যাটাসে মুবাশ্বিরকে উদ্দেশ করে নানা মন্তব্য ও হুমকিমূলক বক্তব্য দেন, যা নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে মুবাশ্বির আমিন বলেন, “এই ছবিটি ব্যবহার করে আগেও আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো হয়েছে। এটি ২০২৩ সালের শেষ দিকে তোলা, যখন আমি দ্বিতীয় বর্ষে পড়তাম। শহীদ জিয়া হলের এক বড় ভাইয়ের রুমে গিয়েছিলাম, তখনকার র‍্যাগিং কালচারের অংশ হিসেবে এটি ছিল অভিনয়। এটি কোনো মাদক সেবনের ছবি নয়।”

তিনি আরও বলেন, “একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করতে পুরোনো ছবি ব্যবহার করছে। আগেও এসব ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। আমি এ বিষয়ে প্রক্টরের কাছে অভিযোগ জানাবো।”

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ছবিতে থাকা বস্তুটি ইয়াবা বা ট্যাপেন্ডাল ট্যাবলেট হতে পারে—তবে বিষয়টি নিশ্চিত নয়।

এ বিষয়ে জানতে ইবি শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইটের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ক্যাম্পাসে মাদকবিরোধী বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়