Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে জমি দখল, জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং হামলার অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ, তার ভাই আরিফ আহমেদসহ পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক মৃত আকমত আলীর ছেলে শাহ আলম।

সংবাদ সম্মেলনে শরিফ আহমেদ বলেন, রামপাল মৌজায় তাদের প্রায় ১২ শতাংশ পৈতৃক জমি রয়েছে, যা তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। স্থানীয় লোকজন মানবিক কারণে ওই জমির উপর দিয়ে চলাচল করলেও কখনো বাধা দেওয়া হয়নি। কিন্তু একটি প্রভাবশালী মহল জমিটিকে রাস্তা হিসেবে দেখিয়ে আশপাশের জমি বিক্রি করছে এবং বর্তমানে জোরপূর্বক প্রায় ১০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছে।

তিনি অভিযোগ করেন, এতে বাধা দিলে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও তার সমর্থকরা তাদের ওপর হামলা চালায় এবং দোকান ভাঙচুর করে। এছাড়া পরিবারের নারী সদস্যদের লাঞ্ছিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন।

শরিফ আহমেদ আরও বলেন, “আমাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা বিভিন্ন পর্যায়ে সমাধানের চেষ্টা করলেও কোনো প্রতিকার পাইনি।”

শাহ আলম বলেন, “আমাদের পৈতৃক সম্পত্তি জোর করে রাস্তা বানানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সম্পূর্ণ অন্যায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

ভুক্তভোগী হাসিনা আক্তার অভিযোগ করেন, ঘর নির্মাণ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। “যার এখানে কোনো জমি নেই, তিনিই আমাদের জমিতে এমন কর্মকাণ্ড চালাচ্ছেন,” বলেন তিনি।

এদিকে অভিযুক্ত ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, “এলাকার স্বার্থে বিষয়টি সমাধানের জন্য সেখানে গিয়েছিলাম। স্থানীয় লোকজন উপস্থিত ছিল। এমপি হাজী জসিম উদ্দিন আমাকে বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছেন। কিন্তু শরিফ আমাদের কথা শোনেননি।”

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়