এমপি জসীম উদ্দিনের পিএস মোশাররফকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) ও এমআইটি গ্র্যাজুয়েট কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলী আহাদ মোশাররফকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। একটি সুসংগঠিত মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষ।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপে আহাদ মোশাররফকে নিয়ে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। তাঁর নিজ ইউনিয়ন বুড়িচংয়ের বাকশীমূল ইউনিয়নের একাধিক বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আহাদ মোশাররফ কখনো কোনো রাজনৈতিক দলের পদধারী নেতা ছিলেন বলে তাঁদের জানা নেই। এরপরও তাঁকে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলের কিছু জাতীয় অর্জন নিয়ে করা ফেসবুক পোস্ট এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কিছু অরাজনৈতিক ছবি ব্যবহার করে আহাদ মোশাররফের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও।
এলাকাবাসী আরও জানান, তথ্যপ্রযুক্তিতে দক্ষ আহাদ মোশাররফ সংসদ সদস্য জসীম উদ্দিনের পিএস হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার কাজও করছেন। প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে তিনি সংসদ সদস্যের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন। তাঁর এই কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মনে করছেন তাঁরা।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আহাদ মোশাররফ বলেন, নির্বাচনের আগে থেকেই একটি গ্রুপ বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন,কোনো পথই মসৃণ নয়। এমপি মহোদয় আমার জন্ম থেকে এখন পর্যন্ত সকল তথ্য জেনেই এই পদে সরকারিভাবে পদায়ন করেছেন। কারও অপপ্রচার বা খোঁচাখুঁচি আমার লক্ষ্য থেকে আমাকে একচুলও সরাতে পারবে না।
স্থানীয় সচেতন মহলের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে কাউকে হয়রানি বা সামাজিকভাবে হেয় করার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
