রাজনীতি

মাদক কারবারে নিজের দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ৪৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

অভিযানের দুটি ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ভিডিওতে তাঁর হাতে একটি পিস্তল দেখা যায়, যার কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে। তবে অস্ত্রটির ধরন এবং অভিযানের সময় সেটি ব্যবহারের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রকাশিত ভিডিওতে গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার দৃশ্য দেখা যায়। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে তাঁর মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বার্তায় বলা হয়, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘যারা এলাকায় মাদক বিক্রি করে, তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নেই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি। আর এই মাদক কারবারিদের কোনো টাইম আছে? এই এলাকায় যত বড় মাদক কারবারিই হোক না কেন, তারা যে দলেরই হোক না কেন, যদি আমার দলের হয়, তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।’

মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাইরে থেকে যারা এলাকায় মাদক সরবরাহ করে, তাদের আটক করতে সহায়তা করতে পারবেন—এমন ব্যক্তিদের পুরস্কৃত করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা-৬ আসন থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সারা বাংলাদেশে এ অভিযান চলবে এবং দেশের কোথাও মাদকের জায়গা হবে না।

অভিযানের সময় আটক ব্যক্তিরা হাতজোড় করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে প্রতিমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘তোমাদের গায়ে কেউ হাত দেবে না, তোমাদের কেউ কিছু করবে না। তোমরা থানায় যাবা, পুলিশ তোমাদের ব্যবস্থা নেবে। তোমাদের মারার জন্য আমরা আসি নাই। এই দেশ আইনের মাধ্যমে চলবে। তাদের বিচার হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হবে।’

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের নিয়ে আসে।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এ কাজে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।