রাজনীতি

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ছিলেন আ ফ ম আহসান উদ্দিন টুটুল। তিনি সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে জেলায় পরিচিত।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি এলাকায় ফিরে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজে যুক্ত হন বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, টুটুলের বিরুদ্ধে জুলাই আন্দোলন-সংক্রান্ত কোনো মামলা না থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, টুটুলের পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তাঁর জাপান যাওয়ার কথা ছিল বলেও জানিয়েছে পরিবার।