বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, নিখোঁজ ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চান্দেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার ভোররাতে আসাদুল হকসহ পাঁচ বাংলাদেশি চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের কালিয়াগঞ্জ এলাকার চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় আরও দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। একজন পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ রয়েছেন।
পরে আহত আসাদুল হককে বিএসএফ সদস্যরা ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বিকেলে ওই হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।
তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০টার দিকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
