রাজনীতি

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসের সামনে জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নেতাদের মধ্যে বেশ কয়েক দিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। মহানগর কমিটির ভবিষ্যৎ পদ-পদবি এবং কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সমালোচনা চলছিল।

বুধবার সন্ধ্যায় এসব বিষয় নিয়ে দলীয় কার্যালয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কথা বলতে রাজি হননি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।