কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ঘরে থেক গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
শুক্রবার (২০ মার্চ ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ঘরে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি গাঁজা ও ইয়াবা সেবনের আলামত জব্দ করা হয়। এ সময় ফয়েজ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে এমপি হাজী জসিম উদ্দিন নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় বুড়িচং থানার এসআই রাকিব ও ব্রাহ্মণপাড়া থানার এসআই শামীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন এমপি।
এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।
