Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) দেবপুর বাজারে বিসিআইসি সার ডিলারের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

জানা যায়, দেবপুর বাজারে ইউরিয়া সারের ৫০ কেজি বস্তার সরকারি মূল্য ১ হাজার ২৫০ টাকা হলেও সেখানে বিভিন্ন অজুহাতে ৭ কেজি সারের মূল্যসহ মোট ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে স্থানীয় কৃষকদের অতিরিক্ত টাকা দিতে বাধ্য হতে হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে উপজেলা কৃষি অফিস, বুড়িচং-এর প্রসিকিউশনের ভিত্তিতে দেবপুর বাজারের ন্যাশনাল ট্রেডার্স নামের ডিলারকে খুচরা ব্যবসায়ীদের কাছে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত মূল্য আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *