Spread the love

ময়মনসিংহের ভালুকায় একটি জুতা তৈরির কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। পবিত্র রমজান মাসে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়। ইফতার করার পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক বমি করতে শুরু করেন। পরে একে একে প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া বলেন, “ইফতারিতে বিরিয়ানি খাওয়ার পরপরই অনেক শ্রমিকের বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার বিরিয়ানি দেওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান জানান, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। তাদের হাসপাতালের ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, দূষিত বা বাসি খাবার খাওয়ার কারণে ফুড পয়জনিংয়ের ঘটনা ঘটতে পারে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *