ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অনুরোধ জানানোর সময় এ ঘটনা ঘটে।
এ সময় জামায়াতের সংসদ সদস্যরা নিজেদের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে “জুলাই নিয়ে গাদ্দারি চলবে না”, “জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর”সহ বিভিন্ন স্লোগান লেখা দেখা যায়।
পরিস্থিতি শান্ত রাখতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
একই দিন সকাল ১১টায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর সময় স্পিকারের চেয়ার শূন্য রাখা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
