Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ।

রোববার (১ মার্চ) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

তিনি জানান, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মান্নান মেম্বারের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে বাড়ির মালিক আবু তাহেরের ছেলে মোহাম্মদ রাসেল মিয়ার (৩৮) বসতঘর থেকে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে রাসেল মিয়া এবং গোবিন্দপুর পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ আবুল খায়ের (২৬) কে গ্রেপ্তার করা হয়।

ওসি লুৎফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা মাদক ব্যবসা বা বহনের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *