রাজনীতি

স্বামীর কবরের পাশে সমাহিত হলেন কৃষিমন্ত্রীর মা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লার বিজয়পুর হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুরে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে আমেনা বেগমকে দাফন করা হয়।

জানাজা শুরুর আগে মায়ের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চান মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। একই সঙ্গে তাঁর মায়ের মৃত্যুতে যারা শোক প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জানাজায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমেনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৯ সন্তানের জননী। আমিন উর রশিদ ইয়াছিন ছিলেন তাঁর পঞ্চম সন্তান।

আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন মন্ত্রী-এমপি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।