Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালক ও কিশোর,এনজিও কর্মী সহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-গামী একটি হাই-এক্স (নোহা) গাড়ি গৌরীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। এতে ঘটনাস্থলেই গাড়িচালক শাহীন মিয়া (৩৫) ও যাত্রী মো. ইব্রাহিম (১৫) নিহত হন।

নিহত শাহীন মিয়া উপজেলার চান্দলা চারিপাড়া এলাকার নায়েব আলী মেম্বারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাই-এক্স গাড়ির ব্যবসা পরিচালনা করে নিজেই চালাতেন। তিনি দুই সন্তানের জনক। তার বড় ছেলে দশম শ্রেণি ও ছোট ছেলে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।

অপর নিহত ইব্রাহিম চান্দলা হুরারপাড় এলাকার জয়ানাল আবেদীনের ছেলে। তিনি বিদেশগামী যাত্রী মেহেদী হাসানের ছোট ভাই। দুর্ঘটনার সময় গাড়িতে ইব্রাহিমের পিতা জয়ানাল আবেদীনসহ আরও ৬-৭ জন যাত্রী ছিলেন। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। জয়ানাল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে সেহরি খেয়ে শাহীন মিয়া চুক্তিভিত্তিক ভাড়ায় এক বিদেশগামী যাত্রী ও তার সহযোগীসহ কয়েকজনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। গৌরীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতের ভাই মিন্টু মিয়া বলেন, “আমার ভাই অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ ছিলেন। বহু বছর ধরে গাড়ি চালিয়ে সংসার চালাতেন। এমন মর্মান্তিক মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।”

এদিকে, একই দিনে দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাকিব (২৯) নামে এক এনজিও কর্মী নিহত হন।

নিহত সাকিব দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের মোতালেব মিয়ার ছেলে। তিনি বুড়িচং উপজেলার শংকুচাইল বাজার পেইজ ডেভেলপমেন্ট শাখায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজারে ভগ্নীপতি ওমর ফারুকের সঙ্গে দেখা করে ফেরার পথে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও মোটরসাইকেল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৃথক এসব মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *