Spread the love

কুমিল্লার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

উদ্ধার করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

অধিনায়ক মীর আলী এজাজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্ত সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *