কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামের তরফ আলীর বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার এবং তাঁর চার বছরের ছেলে হোসাইন। এ ছাড়া সুখী আক্তারের দেবরের ছেলে ছয় বছরের জোবায়েদকেও একই কায়দায় হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করে পালিয়ে যায়। সকালে স্বজনরা ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশগুপ্ত বলেন, খবর পেয়ে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাঁদের হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, এই নৃশংস ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
