Spread the love

চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মস্থল থেকে ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় নতুন নাহার এগ্রো এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহেদ হাসান সুমন (২০)। তিনি স্থানীয় মোহাম্মদ ইউসুফের ছেলে। আহত ইকবাল হোসেন (২৪) একই এলাকার ছলিম উদ্দিনের সন্তান। তারা দুজনই স্থানীয় নাহার এগ্রো গ্রুপে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত ইকবালকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, দুর্ঘটনায় নিহত এক যুবকের মরদেহ ও গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে আনা হয়। পরে মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আহত ব্যক্তিকে চমেকে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *