Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ছড়িয়ে পড়া প্রায় ২ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালের ৩ আগস্টের আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গুটিকয়েক যুবক অবস্থান নিয়ে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। এসময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়। কয়েকজনের মুখ ঢাকা ছিল।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী তোফায়েল আহমেদ সুমনসহ কয়েকজন তাদের ফেসবুক আইডি থেকে কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান প্রদানের দৃশ্য সরাসরি প্রচার করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি শেয়ার ও ফেসবুকে লেখা পোস্ট করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, দক্ষিণ জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা এহতেশামুল হাসান ভূঁইয়া এবং দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছোবহান সেলিমসহ কয়েকজন নেতা সংশ্লিষ্ট কর্মীদের ধন্যবাদ জানান।

এদিকে বুড়িচং উপজেলা যুবলীগের নেতা আমিনুল ইসলাম রাসেল ফেসবুকে লেখেন, “বুড়িচং উপজেলার ত্যাগী ছাত্রলীগের নেতা-কর্মীদের ধন্যবাদ। এমপিদের পা চাটা কর্মীরা যখন ফেসবুকে পোস্ট দিতে ভয় পায়, তখন ত্যাগীরা রাস্তায় দলের জন্য দাঁড়ায়—এটাই তার বাস্তব প্রমাণ।”

অপরদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছির অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের কিছু উশৃঙ্খল কর্মী পরিত্যক্ত কার্যালয়ের সামনে মিছিল করেছে। তিনি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ছাত্রদলের কয়েকজন নেতা দাবি করেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও কীভাবে তারা পৌরসভার প্রাণকেন্দ্রে প্রকাশ্যে কর্মসূচি পালন করছে তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিদায়ের পর আত্মগোপনে থাকা কিছু আওয়ামী লীগ নেতা-কর্মী প্রকাশ্যে আসতে শুরু করেছেন।তবে ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তালাশ বাংলাকে বলেন, “একটি ভিডিওতে কয়েকজন যুবককে আওয়ামী লীগের স্লোগান দিতে ও জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে। আমি কুমিল্লায় ছিলাম। থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।”পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *