জাতীয় সংসদ নির্বাচন শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা আক্তার মেম্বার। নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের পক্ষ থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছেন। জানা যায়, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিনের পক্ষ থেকে বাকশীমূল ইউনিয়নের ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন নাজমা আক্তার মেম্বার। এর আগে তিনি নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নাজমা আক্তার মেম্বার তালাশ বাংলাকে বলেন, “আমি ২৬ বছর ধরে মেম্বার হিসেবে জনগণের সেবায় নিয়োজিত আছি। বাকশীমূল ইউনিয়নের ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোটাররা আমাকে বারবার নির্বাচিত করেছেন। আমার নেতা হাজী জসিম উদ্দিন যখন বিএনপি থেকে মনোনয়ন পান, তখন থেকেই আমি তার পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছি। ভোটকেন্দ্রে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি মনে করি, আমার নেতা নির্বাচিত হওয়ার পেছনে মহিলা ভোটারদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাই তার পক্ষ থেকে ভোটারদের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।” স্থানীয়রা জানান, নির্বাচন শেষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনা বিরল। নাজমা আক্তার মেম্বারের এ উদ্যোগকে তারা ব্যতিক্রমী ও প্রশংসনীয় বলে মনে করছেন। তাদের মতে, এলাকায় একসময় রাজনৈতিক সহাবস্থানের যে সংস্কৃতি ছিল, তা অনেকটাই হারিয়ে গেছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে এবং ভোটারদের আরও সম্পৃক্ত রাখতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। নাজমা আক্তার মেম্বার আরও জানান, “হাজী জসিম উদ্দিন ভাই এমপি নির্বাচিত হয়েছেন। এখন থেকে তিনি মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি রাস্তা-ব্রিজ নির্মাণ, ড্রেজিং নিয়ন্ত্রণ, কৃষিজমি রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ এলাকার সার্বিক অগ্রগতির কাজ করবেন।” ভোট-পরবর্তী সময়ে জনপ্রতিনিধির পক্ষ থেকে ভোটারদের প্রতি সরাসরি কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগ স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
