Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামকে মাদক, চুরি ও ডাকাতিমুক্ত করতে এলাকাবাসীর উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার কয়েকজন চিহ্নিত মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি প্রকাশ্যে আত্মসমর্পণ করে ভবিষ্যতে মাদক সেবন, ব্যবসা ও চুরিসহ কোনো অপকর্মে জড়িত না থাকার অঙ্গীকার করেন। তারা সমাজের মূলধারায় ফিরে এসে সৎপথে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার(১৮ ফেব্রুয়ারি) বেলা ১১,টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, আমেরিকা প্রবাসী ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজাপুর গ্রামে মাদক ব্যবসা, সেবন, চুরি-ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে বাসাবাড়ি থেকে ইলেকট্রনিক সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক সহজলভ্য হয়ে পড়েছে। এ সুযোগে কিছু চিহ্নিত যুবক ও বিভিন্ন বয়সী ব্যক্তি প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক, চুরি ও ডাকাতি বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবে না, তাদের সঙ্গে সামাজিক যোগাযোগ বন্ধ রাখতে হবে। আর যারা অপকর্ম পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরবে, তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য ডা. জাহাঙ্গীর আলম হারুন এবং সঞ্চালনা করেন আবুল হোসেন সর্দার। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম, আ. আজিজ সর্দার, আ. হারেজ সর্দার, আ. অহিদ সর্দার, কনু মিয়া (অব.), ডা. বাবুল মিয়া, বিজিবি (অব.) আবুল কালাম আজাদ, তানভীর আহমেদ রুস্তু,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডা.খাজা মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবদুস সালাম রানা, ফয়েজ আহমেদ খোকন, জাহাঙ্গীর আলম (বেড়বাড়ী), শওকত উদ্দিন, ওয়ার্ড বিএনপির নেতা রঞ্জু মিয়া, জামাল হোসেন, আব্দুর রহিম, ইকবাল হোসেন ও মো. মাসুম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে সভায় উপস্থিত গ্রামবাসীরা কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে তাঁর সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *