Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে বলে তার একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দুপুরের দিকে সংসদ সচিবালয় থেকেও তাকে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। তবে তিনি টেকনোক্র্যাট কোটায় কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় হাজী ইয়াছিনের অনুসারীরা দীর্ঘ এক মাসেরও বেশি সময় রাজপথে আন্দোলন করেন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসন (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি করপোরেশন) থেকে মনোনয়নপত্র জমা দেন। পরে দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

রাজনৈতিক জীবনে হাজী আমিন উর রশিদ ইয়াছিন ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা কোতয়ালী থানা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হন।

২০২২ সালের ৩০ মে তাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন।

মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এখন তার দপ্তর নির্ধারণের দিকে সবার দৃষ্টি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *