Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি আমিরের বাসভবনে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে শনিবার বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান প্রথমে জামায়াতের আমিরের বাসায় যাবেন। পরে রাত ৮টায় তিনি নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে আমি দল বা মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি।”

তিনি আরও বলেন, “নির্বাচনে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে নির্বাচন-পরবর্তী সম্ভাব্য সমন্বয় ও সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *