Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এমন সম্ভাবনার ইঙ্গিত দেন। তিনি জানান, পূর্বতন সংসদের স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণে বিশেষ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সাধারণত নির্বাচিত এমপিরা জাতীয় সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে এবার সে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হচ্ছে না। ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে আগস্টে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হন এবং বর্তমানে দণ্ডিত অবস্থায় রয়েছেন।

এ অবস্থায় নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। আইন উপদেষ্টা জানান, সংবিধান অনুযায়ী স্পিকার শপথ গ্রহণ করাবেন; স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার। তবে উভয় পদে কার্যকর দায়িত্ব পালনের সুযোগ না থাকলে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে, মনোনীত কোনো ব্যক্তিকে দিয়ে শপথ গ্রহণ করাতে পারেন।

তিনি আরও বলেন, তিন দিনের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন—এমন বিধান সংবিধানে রয়েছে।

অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। পরদিন বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

এমপিদের শপথ সম্পন্ন হওয়ার পর সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া বিএনপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *