ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় এক গৃহবধূকে তালাক দেওয়ার ঘটনায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর গৃহবধূর পাশে দাঁড়িয়েছে বিএনপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে যান বিএনপির নেতারা। জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।
এ সময় মশিউর রহমান বিপ্লব বলেন, গৃহবধূর সাহসিকতার পাশে বিএনপি রয়েছে। তার সংসার পুনঃস্থাপন, ভবিষ্যৎ পরিচালনা ও সন্তানদের ভরণপোষণে দল সর্বাত্মক সহায়তা করবে। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার আইনি সহায়তার আশ্বাস দেন।
গৃহবধূ জানান, জীবনের প্রথম ভোট তিনি ধানের শীষ প্রতীকে দেন। এ কারণে তার স্বামী, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, তাকে মৌখিকভাবে তালাক দেন। তবে তিনি ধর্মীয় ও সামাজিক সমাধানের মাধ্যমে স্বামীর সংসারেই থাকতে চান বলে জানান।
ঘটনার পর এলাকা ছেড়ে চলে গেলেও শুক্রবার দুপুরে এলাকায় ফিরে আসেন তার স্বামী। স্থানীয়দের চাপে তিনি নিজের ভুল স্বীকার করে জানান, একজন মুফতির পরামর্শ নিয়ে পুনরায় স্ত্রীর সঙ্গে সংসার শুরু করতে চান।
বর্তমানে গৃহবধূ তার তিন সন্তান ও শাশুড়িসহ শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
