Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ের পর পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি কার্যালয়ে যান মুফতি আমির হামজা। সেখানে তিনি জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান। এ সময় দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মুফতি আমির হামজা বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার উন্নয়নই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। কুষ্টিয়া-৩ আসনের সার্বিক উন্নয়নে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত এ সংসদ সদস্য।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ উভয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, কুষ্টিয়া-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মুফতি আমির হামজা পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন। মোট ১৪২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *