Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব ব্যালট ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।

ব্যালট বহনকারী যানবাহনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটের ব্যালটের পাশাপাশি এবারের নির্বাচনে গণভোটের জন্য আলাদা ব্যালট পেপারও পাঠানো হচ্ছে। ব্যালটের সঙ্গে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী বিধিমালা সংবলিত ফেস্টুন ও প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রীও সরবরাহ করা হচ্ছে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় অর্ধকোটি। এর মধ্যে পোস্টাল ব্যালট রয়েছে প্রায় ১ লাখ ১১ হাজার। প্রতিটি আসনের ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১টি আসনে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি আরও জানান, ১১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রিসাইডিং কর্মকর্তারা ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেবেন। এর আগেই ভোটকেন্দ্রে ব্যবহৃত ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে।

এদিকে, রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। সভায় পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *