মাদ্রাসায় সন্তানকে রেখে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল হিসাবরক্ষক পিতার
গাইবান্ধার সাদুল্লাপুরে সন্তানকে মাদ্রাসায় রেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম রব্বানী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী তার সন্তানকে সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকার আশ শিফা মাদ্রাসায় রেখে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের আসমা মেমোরিয়াল একাডেমি স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন গোলাম রব্বানী। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
